তীব্র চাপে মনে রাখার মতোই এক ইনিংস খেলেছেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক। বিকেএসপিতে আজ আবাহনীকে ৩ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্সে ম্যাচসেরা নাসির। এই হারে সুপার লিগে ওঠার আগে আরও দুটি পয়েন্ট খোয়াল বর্তমান চ্যাম্পিয়নরা।
নাসির গত বছর হাঁটুর চোটে পড়ে লম্বা সময় থাকলেন মাঠের বাইরে। গত জানুয়ারিতে বিপিএলে ফেরাটা ভালো হয়নি। এই প্রিমিয়ার লিগেও নাসিরের পারফরম্যান্স বলার মতো নেই। আজ শক্তিশালী আবাহনীর বিপক্ষে হলেন ম্যাচের নায়ক। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে আবাহনী, ৮৮ রানে হারিয়ে বসে ৬ উইকেট,সেখানে সেঞ্চুরি করলেন দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন। মোসাদ্দেক অপরাজিত ছিলেন ১০১ রানে। আবাহনী পেল ৯ উইকেটে ২১১ রানের লড়াইয়ের স্কোর।
নাসিরের অসাধারণ বোলিংয়েই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আবাহনী। ১৪ রানে যে ৪ উইকেট পড়েছে, তিনটিই নাসিরের। ১০ ওভারে ২ মেডেন দিয়ে ২৪ রানে ৩ উইকেটের পর নাসির গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ব্যাটিংয়েও। ৮১ রানে ৪ উইকেট হারিয়ে শেখ জামাল যখন বিপর্যয়ে, তখনই নাসির ছয়ে নেমে করেছেন ৪৫ রান। এক বছর পর যাঁর হাতে উঠল ম্যাচসেরার পুরস্কার ।